এমনি করিয়া দিন যায়। রাজার মনে সুখ নাই, রাজার রাজ্যে সুখ নাই- রাজপুরী খাঁ খাঁ করে, রাজার বাগানে ফুল ফোটে না, রাজার পূজা হয় না ।
একদিন মালি আসিয়া বলিল, 'মহারাজ, নিত্যপূজার ফুল পাই না, আজ যে, পাঁশগাদার উপরে, সাত চাঁপা এক পারুল গাছে, টুলটুলে সাত চাপা আর এক পারুল ফুটিয়া রহিয়াছে ।
রাজা বলিলেন, 'তবে সেই ফুল আন, পূজা করিব।'
মালি ফুল আনিতে গেল ।
মালিকে দেখিয়া পারুলগাছে পারুলফুল চাঁপাফুলদিগে ডাকিয়া বলিল, 'সাত ভাই চম্পা জাগ রে!’ অমনি সাত চাঁপা নড়িয়া উঠিয়া সাড়া দিল—
“কেন বোন পারুল ডাক রে?”
পারুল বলিল, 'রাজার মালি এসেছে,
পূজার ফুল দিবে কি না দিবে?”
সাত চাঁপা তুরতুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল,
'না দিব, না দিব ফুল, উঠিব শতেক দূর,
আগে আসুক রাজা, তবে দিব ফুল !
দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল। ফুলের সাজি ফেলিয়া, দৌড়িয়া গিয়া, রাজার কাছে খবর দিল আশ্চর্য হইয়া, রাজা, রাজসভার সকলে সেইখানে আসিলেন ।